নীলফামারীতে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন বর-কনেসহ অন্তত ১২ জন।
শনিবার (১৮ জুলাই) ভোর রাতে কিশোরগঞ্জ উপজেলা থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ৭ মাসের শিশু জীবন ইসলাম এবং অন্যজন ২০ বছর বয়সী রিয়াদ ইসলাম, যিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকা থেকে ১৫ থেকে ১৬ জন বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কিশোরগঞ্জ উপজেলার যুগিপাড়ায় যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শনিবার ভোরে নববধূকে নিয়ে ফেরার সময় শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।
এ সময় মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাত মাসের শিশু জীবন ও রিয়াদ ইসলামের মৃত্যু হয়। আহত অন্তত ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।