শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু, আহত ১

টাঙ্গাইলের সখিপুরে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু, গুরুতর আহত ১ শ্রমিক।

টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু, আহত ১

টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় মুরগিবাহী একটি পিকআপভ্যানের চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সখিপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার পলাশের ছেলে রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার সেলিমের ছেলে সুমন (২৬)। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাঁশবোঝাই ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

এ সময় ঢাকাগামী মুরগিবাহী পিকআপভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় ট্রাকের একজন শ্রমিক গুরুতর আহত হন। আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে সখিপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন বলেন, মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন থানায় পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন