শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনায় কিশোরী হত্যায় প্রতিবেশীদের মৃত্যুর ঘটনায় উত্তেজনা

পাবনায় কিশোরী হত্যার ঘটনায় প্রতিবেশীদের মৃত্যু, উত্তেজিত জনতার আগুনে দগ্ধ হন তারা।

পাবনায় কিশোরী হত্যায় প্রতিবেশীদের মৃত্যুর ঘটনায় উত্তেজনা

পাবনায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেওয়ার ফলে তিন প্রতিবেশী মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পাশ্ববর্তী নতুন পাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩ জুন পাবনার ভাড়ারায় পদ্মা নদী থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

৪ জুন তার মরদেহ দাফন করা হয় এবং দাফন শেষে উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের সময় আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল একজন এবং আজ দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, পাবনা সদর উপজেলায় পদ্মা নদী থেকে ওই কিশোরীর (১৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নাইম ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করেছে।

বিজ্ঞাপন