চাঁদপুরের শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়ার ও মারধরের অভিযোগে ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার জেলার একটি আদালত এই আদেশ দেন।
গ্রেপ্তারকৃত আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা গ্রামের মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে। শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বৃদ্ধা মা শেপালী বেগমের বিরুদ্ধে আবু ইউছুফের বিভিন্ন সময় খারাপ আচরণের অভিযোগ ছিল।
গত ২ জুন বেলা দেড়টার দিকে তিনি মাকে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে রোকেয়া বেগম ৮ জুন শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ ধারায় মামলা করেন।
মামলার ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার অভিযুক্ত আবু ইউছুফকে আটক করেন। পরে আদালতে সোপর্দ করার পর বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইনে এটি একটি শিক্ষণীয় মামলা। সন্তানের দায়িত্ব পিতা-মাতার দেখভাল করা। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।