যশোরের মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম ইমামুল হোসেন, তিনি ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইমামুল হোসেনের নাতনিকে ইভটিজিং করে রাব্বি নামের এক যুবক। এই ঘটনায় এলাকায় সালিস বিচারও অনুষ্ঠিত হয়। সোমবার রাতে ইমামুল পাওনা টাকা আনতে গেলে রাব্বির সঙ্গে আবারো বিবাদে জড়িয়ে পড়েন।
এসময় রাব্বির নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ইমামুলের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাহুল দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।