শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে যুবককে প্রকাশ্যে গুলি, গুরুতর আহত

নোয়াখালীর বেগমগঞ্জে যুবক ফারুক হোসেনকে প্রকাশ্যে গুলি, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

নোয়াখালীতে যুবককে প্রকাশ্যে গুলি, গুরুতর আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক হোসেন (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ফারুক শরিফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে শরীফপুর ও হাজিপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকার একটি চা দোকানের সামনে ছিলেন ফারুক। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় চার যুবক এসে অতর্কিতে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।

গুলিবিদ্ধ হয়ে তলপেট ও হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়ে ফারুক মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুককে জরুরি বিভাগের মাধ্যমে হাসপাতালে আনা হয়। পরে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

ওসি শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী দল এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন