ঢাকার ধামরাইয়ে সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের নান্দেশ্বরী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজির যাত্রী আখি আক্তার, জসিম উদ্দিন এবং সিএনজি চালক জুয়েল রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
ধামরাই থানার উপপরিদর্শক মিজান জানান, টাঙ্গাইল থেকে সিএনজি নিয়ে শিশুসহ ৬ যাত্রী ঢাকার নবাবগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
পিকআপ ভ্যানের চালক দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা সিএনজির চালক ও যাত্রীসহ মোট ৭ জনকে উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করতে চেষ্টা চলছে।