ঢাকায় জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগে মো. বখতিয়ার আবিদ খান (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি মালিবাগ চৌধুরীপাড়ার বাসিন্দা।
সিআইডি শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ২৪ জুলাই পূর্বাচলে ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে আতিফ আসলামের কনসার্টের আয়োজন করছে ‘ইভেন্ট সাজাই’ ও ‘মেইন স্টেজ’।
টিকিট বিক্রির জন্য আয়োজকরা গেটমাইটিকিট.লাইভ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং ৮ জুলাই থেকে মেইন স্টেজ তাঁদের ফেসবুক পেজে প্রচারণা শুরু করে। এ সময় বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি) নামের একটি ফেসবুক গ্রুপে প্রতারণামূলকভাবে পূর্বে বাতিল হওয়া কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হয়।
আয়োজকদের অভিযোগ অনুযায়ী, গ্রুপটির অ্যাডমিন বখতিয়ার আবিদ খান পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তিনি ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির হুমকি দেন।
এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তভার গ্রহণ করার পর সিআইডি অভিযুক্তের অবস্থান শনাক্ত করে এবং ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকালে তার কাছ থেকে একটি আইফোন-১১ জব্দ করা হয়। সিআইডির তথ্যানুযায়ী, অভিযুক্ত স্বীকার করেছেন যে, তিনি বিসিইসি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। গ্রেপ্তার হওয়া আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।