বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কিশোর অপরাধীদের দৌরাত্ম্যে কালশীর বাসিন্দারা আতঙ্কিত

কালশী এলাকায় কিশোর অপরাধীদের দৌরাত্ম্যে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

কিশোর অপরাধীদের দৌরাত্ম্যে কালশীর বাসিন্দারা আতঙ্কিত

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় কিশোর অপরাধীদের দৌরাত্ম্যে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তারা সুযোগ পেলেই এলাকাবাসীর ওপর হামলা চালায়, দেশীয় অস্ত্র ব্যবহার করে।

পুলিশ জানায়, কিশোর অপরাধী চক্রের বেশিরভাগ সদস্য ১৮ বছরের নিচে হওয়ায় তাদের বারবার গ্রেপ্তার করেও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এলাকাবাসীরা অভিযোগ করেন, আশিকুর রহমান শান্ত গ্রুপের সদস্যরা তাজিয়া মিছিলের সময়ও এলাকায় মহড়া দেয়।

শান্ত গ্রুপের সদস্যরা কালশী এলাকার পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং আশপাশের দোকান লুট করে। হামলার সময় একজন রিকশাচালক আহত হন, তবে ভয়ে তিনি মিডিয়াকেও জানাননি।

রিকশাচালক ইনডিপেনডেন্টকে বলেন, "অনেক পোলাপান আইল। ফট কইরা এক পোলা আমারে কোপ দিয়া দিছে।" এক নারী জানান, "গেট লাইগাইয়া দেওয়ার পরে চার–পাঁচটা কোপ দিছে।"

পল্লবী থানার পুলিশ জানায়, আশিক নামের এই কিশোর অপরাধীকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু জামিনে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। তার বিরুদ্ধে ডাকাতি এবং বিশেষ ক্ষমতা আইনে এক ডজন মামলা রয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, "আমাদের থানায় আশিকের নামে পাঁচটা মামলা রয়েছে। আমরা সম্প্রতি তাকে গ্রেপ্তার করে চালানও দিয়েছিলাম। জামিনে বেরিয়ে এসেছে।"

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কিশোর অপরাধীরা সংশোধন কেন্দ্রে গিয়ে অন্যান্য অপরাধীদের সংস্পর্শে এসে আরও বেশি অপরাধে জড়িয়ে পড়ছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, "এই ছেলেপেলেগুলো আইনের প্রতি খুব বেশি শ্রদ্ধাশীল নয়। তারা সবসময় আইন নিজের হাতে তুলে নিচ্ছে।"

বিজ্ঞাপন