নাটোরের নলডাঙ্গায় একটি বাড়ির সামনে কাফনের কাপড় সদৃশ কাপড় ও হত্যার হুমকি দেওয়ার চিরকুট পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল গফুর জানান, সকালে তিনি তার বাড়ির দরজায় কাফনের কাপড় সদৃশ কাপড় ও একটি চিরকুট দেখতে পান। চিরকুটে লেখা ছিল, 'সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই।'
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারটি। আব্দুল গফুর ও তার পরিবারের সদস্যরা জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তার আবেদন করেছেন।
স্থানীয়রা জানান, এমন হুমকিমূলক চিরকুট পাঠানো সাধারণ ঘটনা নয়। গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।
নলডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নূরে আলম জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জনগণের নিরাপত্তার জন্য কাজ করছে।