টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুদিন পর পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের হাসপাতাল গেটের দক্ষিণ পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারভীন আক্তার ওই এলাকার মৃত হুমায়ন খানের স্ত্রী। তার পরিবার জানায়, তিনি বাসায় একা থাকতেন। গত সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে ছেলের সঙ্গে মোবাইল ফোনে তার শেষবার কথা হয়। পরদিন মঙ্গলবার (৩০ জুন) সকালে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।
ঘটনার পর তার ছেলে সোহেল রানা ফাহাদ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে বুধবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাসাইল-সখীপুর ইনচার্জ এ কে এম মামুনুর রশিদ বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তকরণের কাজ অব্যাহত রয়েছে।