বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৮ ভরি স্বর্ণালংকার লুট

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় ৮ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা লুট হয়েছে।

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৮ ভরি স্বর্ণালংকার লুট

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ৮ ভরি স্বর্ণালংকার, একটি হীরার আংটি, নগদ ১ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী সিভিল জজ আহমাদুল কবির সাকিল জামালপুর আদালতের মেলান্দহ সিভিল জজ আদালতে কর্মরত এবং তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কাজ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, তারা গত সাত মাস ধরে মো. আনোয়ার হোসেনের তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন।

বিচারক আহমাদুল কবির সাকিল জানান, মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। বাসায় কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। রাত ৮টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালার গ্রিল কাটা, ঘর তছনছ এবং আলমারি-ড্রয়ারের জিনিসপত্র এলোমেলো।

বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন জানান, তার তিনতলা ভবনে পাঁচটি ইউনিট রয়েছে এবং এই বাসায় আগে কখনো চুরির ঘটনা ঘটেনি। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা অচল। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে সিসিটিভি বিকল করে দুর্বৃত্তরা চুরি করেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন