বিশ্বকাপ উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো ২০ ফুট দীর্ঘ একটি পতাকা চুরির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২০ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় একটি ক্লাবের সদস্যরা তহবিল গঠন করে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের পতাকাটি তৈরি করেন। পরবর্তীতে এটি নদীর পাশের একটি উঁচু খুঁটিতে টাঙানো হয়।
পতাকাটি না দেখতে পেয়ে এলাকার সমর্থকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সমর্থক টুটুল সিকদার বলেন, “অনেক পরিশ্রম করে টাকা-পয়সা তুলে পতাকাটি বানিয়েছিলাম। যে এটি চুরি করেছে, তার শাস্তি দাবি করছি।” তিনি আরও জানান, পতাকা হারানোর কারণে ক্লাবের অন্যান্য সদস্যরাও ব্যথিত হয়েছেন।
এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, “আমরা জিডি পেয়েছি এবং তদন্ত চলছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”