সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু, তদন্ত চলছে

গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে যুবক দেলোয়ার হোসেনের মৃত্যু, তদন্ত চলছে।

গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু, তদন্ত চলছে

গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির জরাজীর্ণ ঘরে অগ্নিদগ্ধ হয়ে ১৮ বছর বয়সী যুবক দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

শনিবার দিবাগত রাতে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দেলোয়ার হোসেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. বধূ মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়া বাড়ি গ্রামের খাসপাড়া এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।

নিহতের বাবা বদু বুধু মিয়া বলেন, “যে ঘরে আগুনে পুড়ে ছেলের মৃত্যু হয়েছে সেখানে কিভাবে গেলো, বলতে পারবো না। আমার ছেলের শরীর আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে।” তিনি জানান, প্রথমে স্থানীয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়।

জমির মালিক হুরমত আলী শেখ বলেন, “জমি নিয়ে দীর্ঘ বছর ধরে চাচাতো ভাই ফাইজুদ্দিনদের সঙ্গে বিরোধ চলছে। আমি একটি টিন শেডের ঘর নির্মাণ করে জমি পাহাড়া দিই। গতকাল রাতে রাজেন্দ্রপুর বাজারে দুধ বিক্রি করছিলাম। হঠাৎ করে একজন ফোন করে জানায়, তোমার ঘরে আগুন লাগছে। দৌড়ে গিয়ে দেখি ঘরে আগুন জ্বলছে। ঘরের ভেতর একজনের চিৎকার শুনে শতশত মানুষ জড়ো হয়ে তাকে উদ্ধার করে।”

তিনি আরও বলেন, “এ সময় সে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” হুরমত আলী জানান, “এই ছেলেকে আমি চিনি না। সে কেন এখানে আসছে, জানি না। ঘরে পেট্রোল-কেরোসিনের গন্ধ ছিল।”

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের নির্দেশনায় মরদেহের ময়নাতদন্ত চলছে। কিভাবে আগুন দেওয়া হয়েছে এবং পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।”

বিজ্ঞাপন