টাঙ্গাইলের সখিপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-৩ এর অভিযানে ১০০ কেজি গাঁজা, একটি কাভার্ডভ্যান ও মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে সখিপুর থানার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলার মো. আশরাফুল আলম, কুমিল্লার মো. রাজু ইসলাম এবং টাঙ্গাইলের হেলাল মিয়া।
অভিযান চলাকালে গাঁজার পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, একটি মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এসআরবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক এবং অন্যান্য আলামতসহ তাদের সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।