খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামে মো. নাসিমুল করিম ওরফে নাসিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, নাসিম পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন।
রোববার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম বাড়ির সামনে চা খেতে বের হলে একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে আসে এবং তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় নাসিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ এবং হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।