টাঙ্গাইলের কালিহাতীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, ভূঞাপুর থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর উদ্দেশে যাচ্ছিলেন চালক রাজিব। রাত তিনটার দিকে তিনি ট্রাক থামিয়ে টয়লেটে যাওয়ার জন্য নিচে নামেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কালিহাতী থানার ওসি কাইয়ুম সিদ্দিকী জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।