টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হানিফ খান (৪০), যিনি সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৯টার দিকে। হানিফ তার বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হানিফ খান বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর করিব জানান, মামলার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।