রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথা (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়। রোববার (৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় দেন।

জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর রেলপাড়া (কানাপুকুর) এলাকার মৃত আলতাফ হোসেন মালিথার ছেলে। মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধ্যায় একাডেমি মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এ সময় কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী ‘সোনারতরী এক্সপ্রেস’ বাসে তল্লাশি চালানোর সময় জালাল মালিথার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৬৯ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে, আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ এবং সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত জালাল মালিথাকে দোষী সাব্যস্ত করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম জানান, এ রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন