ঝিনাইদহের শৈলকুপায় বালুবাহী ও ধানবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম তুফান দাস (৩১), তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কুষ্টিয়া দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক মহাসড়কের বড়দাহ এলাকায় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক তুফান দাস কেবিনের ভেতর আটকা পড়েন। ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাইড্রোলিক কাটার ব্যবহার করে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে চালক তুফান দাসকে উদ্ধার করা হলেও তার মৃত্যু ঘটে। শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।