রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ খান (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ খান উপজেলার দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে তিনি তার মাছের ঘেরে যান।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এক অজ্ঞাত পথচারী ঘেরের পাশে যাওয়ার সময় পানির মধ্যে মোশারফকে পড়ে থাকতে দেখেন এবং স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মারা যান। কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।