রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত সাংবাদিকরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। তাদের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, দুর্ঘটনার কারণ এবং জড়িত বাসটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তদন্তে দ্রুত কার্যক্রম গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে।