কুমিল্লায় একটি শিশুকে বলাৎকার ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত আসামি বিল্লাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) কুমিল্লার জেলা ও দায়রা জজ ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের হারুনুর রশীদের ছেলে বিল্লাল হোসেন।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট বদিউল আলম সুজন জানান, ২০২৪ সালের বুড়িচং থানার ৫ নম্বর মামলা ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলা নং-২৭১/২৬-এর বিচার কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে।
রায় ঘোষণার সময় বিল্লাল হোসেন আদালতের হাজতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালতের জারি করা মৃত্যুদণ্ড পরোয়ানার ভিত্তিতে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের চা দোকানদার আক্কাস মিয়ার নয় বছর বয়সী ছেলে ইয়াসিন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরদিন বুড়িচং থানায় একটি নিখোঁজের ডায়রি করেন আক্কাস মিয়া।
চার দিন পর পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে শিশু ইয়াসিনের লাশ উদ্ধার করে। পরদিন ৬ অক্টোবর বিল্লাল হোসেন ও অজ্ঞাতদের আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ইয়াসিন নিখোঁজের আগে প্রতিবেশীরা বিল্লাল হোসেনের সাথে এক দোকানে নাস্তা করতে দেখে। এছাড়া ইয়াসিন তার মা খোদেজা বেগমকে জানায় যে সে বিল্লাল হোসেনের সাথে নিমসার বাজারে যাবে। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।