চট্টগ্রাম মহানগরীতে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, সোমবার নগরীর বাকলিয়া এলাকায় ডিজিটাল ডট নেট–ডিডিএন নামের প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ৩৫ লাখ টাকা লুট করে। হামলার আগে প্রতিষ্ঠানটিকে ২ কোটি টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৩০-৪০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অফিসে হামলা চালায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ইউনুস, ইমরান, আকবর, সুমন, মনির, নয়ন, গিয়াস ও নাহিদ অন্তর্ভুক্ত রয়েছে। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি। তাদের অধিকাংশ বাকলিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।