চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ রিগান আক্তার মিম (২৬) নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন তার পরিবারের অপর গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে। নিহত রিগান আক্তার মিম স্থানীয় মৃত সেলিম বেপারীর পুত্রবধূ। তার স্বামী রনি ঢাকায় চাকরি করেন এবং তাদের দুটি শিশু রয়েছে।
আহত গৃহবধূ সুমাইয়া আক্তার জানান, গভীর রাতে মুখ বাঁধা দুই ব্যক্তি তাদেরকে ছুরির মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র দাবি করে। তিনি বাধা দিলে ডাকাতরা তাকে মারধর করে এবং জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম জানান, রাতের বেলা তিনি বাড়ির লোহার গেটে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। চিৎকার শুনে তিনি ঘুম থেকে উঠে গেট খুলতে গিয়ে দেখেন, তালাটি নেই এবং গেটটি ভেতর থেকে আটকানো ছিল।
প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয়। স্থানীয়রা গেইট খুলে ঘরে প্রবেশ করলে গৃহবধূর মৃতদেহ দেখতে পান।
ঘটনাস্থল পরিদর্শন করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী। পুলিশ আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়।
ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনার গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।