চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানকে ধরতে টানা অভিযান চালাচ্ছে। এই পরিস্থিতিতে, রায়হান পুলিশকে ফোন করে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন।
২৫ নভেম্বর, বুধবার, রায়হান তার ফেসবুকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সাথে কথোপকথনের একটি অডিও পোস্ট করেন। এ সময় তিনি পুলিশ কর্মকর্তার প্রশংসা করে বলেন, ‘স্যার কিন্তু ভালো মনের মানুষ। উনার সাথে কথা বলে একটু ভালো লাগছে।’
রায়হানের ফোনালাপে আত্মসমর্পণের আগ্রহ, নিরাপত্তা এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কার বিষয়গুলো উঠে আসে। তিনি জানান, আগেও আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কিছু জটিলতার কারণে তা সম্ভব হয়নি।
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ রায়হানকে আশ্বস্ত করে বলেন, তার বিরুদ্ধে নতুন কোনো মামলায় জড়ানো হবে না এবং নিরাপদে আত্মসমর্পণের ব্যবস্থা করা হবে। এদিনই তাকে পুলিশের কাছে আসার জন্য কয়েকবার অনুরোধ করা হয়।
অডিও কথোপকথনে রায়হানকে আত্মসমর্পণের জন্য নিজেকে প্রস্তুত করার কথাও বলতে শোনা যায়। পুলিশ কর্মকর্তার সঙ্গে রায়হানের কথোপকথনটি ছিল বন্ধুত্বপূর্ণ, যেখানে তারা একে অপরের সঙ্গে ‘খুনসুঁটি’ করেন।