বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী জেলা আদালত মানবপাচার ও শারীরিক নির্যাতনের অভিযোগে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন টাইব্যুনালের বিচারক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দৌলতদিয়া যৌনপল্লীর এলেম খার স্ত্রী রোজী সরদারনি ও মজিদ ফকির। রায় ঘোষণার সময় তারা পালাতক ছিলেন। আদালত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

মামলার সূত্র জানায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে একটি তরুণীকে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া নিয়ে আসা হয়। সেখানে তাকে মজিদ ফকিরের বাড়িতে আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করা হয়।

যৌন ব্যবসায় বাধ্য করতে অস্বীকৃতি জানালে ২০১৫ সালের ১৭ ও ১৮ নভেম্বর ওই তরুণীকে নির্যাতন করা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে এবং পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী তরুণী এনজিও কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সুস্থ হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। রাজবাড়ী মানব পাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। তিনি জানান, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন