বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় হাসিদ মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় হাসিদ মণ্ডলকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় হাসিদ মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ৪০টি মাদক ইনজেকশনসহ গ্রেফতার হওয়ার প্রায় ৬ বছর পর হাসিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাসিদ মণ্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা তেতুলতলাপাড়ার মৃত শহিদ মণ্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময়, হাসিদের পরনে থাকা জ্যাকেটের পকেট থেকে একটি কাপড়ের ব্যাগে ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে দুই মিলিলিটার করে মোট ৮০ মিলিলিটার ইনজেকশন ছিল। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ছিল ১২ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি পরে দায়রা আদালতে বিচারাধীন হয়। রাষ্ট্রপক্ষের পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

বিজ্ঞাপন