সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিজিবি সদস্যের নাম জামিল আহমেদ। তিনি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা।
ওসি জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় জামিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার ভোরের দিকে কোনো একসময় বিওপির টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।