সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছদনাকান্দি সীমান্তে অস্ত্রসহ এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশের পর তাঁকে হেফাজতে নেওয়া হয়।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি-এর অধীনে বিছনাকান্দি বিওপির একটি টহল দল বিএসএফ সদস্যকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয় এবং তার সঙ্গে অস্ত্রও ছিল।
এদিকে, আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। বিজিবি জানায়, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।