সরকার দেশের সকল মানুষের জন্য সমতা ও সমান সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর—এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, মানবপাচার রোধে কেবলমাত্র দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) 'জিএসজি গ্লোবাল ডে-২০২৬' অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ জানান, সরকার প্রযুক্তিভিত্তিক উন্নয়নে কাজ করছে। পরিবেশ রক্ষায় খাল খনন, বৃক্ষরোপণ, গ্রীণ এনার্জিসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, দেশের বেশ কয়েকটি জেলা থেকে মানবপাচারের প্রবণতা বেশি। এই সমস্যা সমাধানে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। দিনব্যাপী এ আয়োজনে জার্নাল প্রকাশনা, ‘ঢাকা ২০৩০’ শীর্ষক গোলটেবিল নীতি সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।