দক্ষ বাংলাদেশিদের বিদেশে যাওয়ার সুযোগ বৃদ্ধি এবং ভুয়া তথ্যের মাধ্যমে হয়রানি এড়াতে একটি ফোকাল পয়েন্ট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি সরকার গঠন করার পর থেকে বিদেশে যাওয়ার প্রক্রিয়া সুষম ও সুগম করার জন্য কাজ করছে। বাংলাদেশিরা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করে, তারা দালালের চক্করে পড়ে ভুয়া কাগজের জন্য বিপদে পড়ে।’
তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংকট দূর করতে স্কিলড মানুষদের বিদেশে যাওয়ার জন্য কাজ করছে সরকার। ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রবর্তনের মাধ্যমে নাগরিকদের সব তথ্য এক জায়গায় আসবে, যা দালাল চক্রের সুযোগ সংকুচিত করবে।
শামা ওবায়েদ বলেন, ‘তার আগ পর্যন্ত সংকট সমাধানে সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে।’
সাবেক প্রধানমন্ত্রীসহ সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। ‘গতকাল যে রায় হয়েছে, তার কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হাতে পেলে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেবে সরকার,’ বলেন তিনি।
পলাতকদের দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া, ভারতীয় হাইকমিশনারের এগ্রিমো না দেওয়ার বিষয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে, তাতে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ‘ভারত এরকম কিছু জানায়নি। অ্যাগ্রিমো যাচাই–বাছাই হতে সময় লাগে,’ বলেন শামা ওবায়েদ।