বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডা. জুবাইদা রহমানের বিশেষায়িত শিশুদের স্কুল পরিদর্শন

ডা. জুবাইদা রহমান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিভিন্ন থেরাপি কার্যক্রমের প্রশংসা করেন।

ডা. জুবাইদা রহমানের বিশেষায়িত শিশুদের স্কুল পরিদর্শন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন।

এসময়, ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স' উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভাপতি সালেহা খান। ‘ব্লু স্কাই’ স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়।

পরিদর্শনকালে, তিনি স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত থেরাপি কার্যক্রম সম্পর্কে অবহিত হন। স্কুলে পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট এই কার্যক্রম পরিচালনা করছেন। পরিদর্শনের সময় ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ স্কুলের শিক্ষা ও কারিগরি শিক্ষা কার্যক্রম, থেরাপি সুবিধা, মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন।

ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর বিভিন্ন কার্যক্রমের একটি অংশ ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন। তিনি বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

পরিদর্শন শেষে, তিনি ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে ‘ব্লু স্কাই’ স্কুলে প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বাফওয়া গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সুনির্দিষ্ট প্রশিক্ষণ পেলে শিশুরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক, বাফওয়া কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন