বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন গ্যাসের প্রবাহ বৃদ্ধি ও বিনিয়োগের স্থিতিশীলতা নিয়ে কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে। আগামীতে আরও গ্যাসের প্রবাহ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকারের আন্তরিকতা, নীতি ও উদ্যোগের কারণে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস রিপোর্টে বাংলাদেশকে বিনিয়োগের জন্য স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। এর ফলে বৈদেশিক বিনিয়োগ বাড়বে এবং নারী ও তরুণদের ক্ষমতায়নের জন্য কর্মসংস্থানের ইতিবাচক ধারা তৈরি হবে।

তিনি জানান, সরকার জ্বালানি নিয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিতরণে যদি কোনো সংকট দেখা দেয়, তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

মূল্যস্ফীতির হার সন্তোষজনক পর্যায়ে নেমে এসেছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের জন্য ই-লোন সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবছর ৫ হাজার তরুণের জন্য ২০ লাখ টাকা ঋণসুবিধা চালু করা হয়েছে।

শিল্পায়নের জন্য মাস্টারপ্ল্যান তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার নিরাপদ, মানবিক ও কল্যাণমুখী দেশ গঠন করতে চায়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি বলেন, ব্যক্তি নয়, অপরাধের দিকে তাকাতে হবে। কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। অপরাধ না করলে ছাড়পত্র পাবে।

বিরোধী দল প্রসঙ্গে মাহদী আমিন বলেন, রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তবে কেউ রাজপথে গেলে সেটাও তাদের অধিকার। গণতান্ত্রিক আন্দোলন যৌক্তিক বা অযৌক্তিক হোক, সরকার স্বাগত জানাবে।

বিজ্ঞাপন