রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে আসতে পারে

বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে আসতে পারে

বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির গতি কমার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানায়, দেশে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে।

মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ আপডেট রিপোর্টে বলা হয়, অর্থনীতির এই ধীরগতির ফলে এক বছরে প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমেছে। গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, যা কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে।

উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় অর্থনীতির প্রবৃদ্ধিতে চাপ পড়ছে। রিপোর্টে উল্লেখ করা হয়, বেসরকারি বিনিয়োগ কমে গেছে এবং ঋণ প্রবৃদ্ধি ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে। সরকারি বিনিয়োগের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম বলেন, ‘অর্থনৈতিক মন্দা এড়াতে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে এগোতে হলে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত বড় ধরনের সংস্কার প্রয়োজন।’

বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ নাজমুস সাদাত জানান, ব্যাংকিং, রাজস্ব ও জ্বালানি খাতে সংস্কার জোরদার হলে ২০২৭-২৮ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হতে পারে। বর্তমানে জিডিপির মাত্র ৮ দশমিক ৩ শতাংশ রাজস্ব আদায় হওয়ায় সরকারি বিনিয়োগ ও প্রয়োজনীয় ব্যয় বাড়ানোর সুযোগ সীমিত হয়েছে।

বিশ্বব্যাংকের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ সহায়তা কর্মসূচির আওতায় অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব।

বিজ্ঞাপন