শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে দারিদ্র্যের হার বৃদ্ধি, ঝুঁকিতে ৬ কোটি মানুষ

দেশে দারিদ্র্যের হার বাড়ছে, ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ।

দেশে দারিদ্র্যের হার বৃদ্ধি, ঝুঁকিতে ৬ কোটি মানুষ

বাংলাদেশে টানা কয়েক বছর ধরে দারিদ্র্যের হার বাড়ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গত চার বছরে নতুন করে ৮০ লাখ মানুষ দরিদ্র হয়ে পড়েছে। বর্তমানে দেশে দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষও দারিদ্র্যতে পতনের ঝুঁকিতে রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, বিনিয়োগ ও কর্মসংস্থান না বাড়লে এবং কর্মমুখী শিক্ষার সুযোগ তৈরি না হলে এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন হবে। বাংলাদেশে খাদ্যভিত্তিক দারিদ্র্য পরিমাপের জন্য দৈনিক প্রায় ২ হাজার ১২২ ক্যালরি খাবার খেতে হয়। যাদের সেই সামর্থ্য নেই, তারাই দারিদ্র্যের আওতায় পড়েন।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের পর জনসংখ্যা বেড়ে যাওয়ায় দেশের দারিদ্র্যের সংখ্যা প্রায় সাড়ে ৫ কোটি হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর এক নারী বলেন, ‘চাউলের দাম বাড়তি, তরকারির দাম বাড়তি, তেলের দাম বাড়তি, গ্যাসের দাম বাড়তি– সবই বাড়তি। তাই আমরা গরীব মানুষ কীভাবে চলব?’

অন্য একজন বলেন, ‘অভাবের শেষ নাই এখন। দিন আনা দিন খাওয়াটা সমস্যা হয়ে গেছে।’ এক নারী জানান, ‘কোনো কর্মসংস্থান নাই। অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আমরা কর্ম করতে পারি না। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে।’

বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের তুলনায় চলতি বছর দেশে দারিদ্র্যের হার ১ দশমিক ১ পয়েন্ট বেড়ে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে ২০২৪ সালে দারিদ্র্যের হার ছিল ২০ দশমিক ৫ এবং ২০২২ সালে ১৮ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ করোনার পর থেকেই দারিদ্র্যের হার বাড়ছে।

আয় বৈষম্যও বেড়েছে। ২০২২ সালে ধনী-গরিব আয় বৈষম্য ছিল ৩০.৯ শতাংশ, যা ২০২৫ সালে ৩৪.৯ শতাংশে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা ও যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় আয়ের বড় অংশই নিত্যপ্রয়োজনে চলে যাচ্ছে।

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘নতুন শিল্পায়ন ছাড়া, নতুন বিনিয়োগ ছাড়া, নতুন কর্মসংস্থান ছাড়া এই কাঠামোগত সংকট কমবে না। দারিদ্র্যের নীচে নেমে যাওয়ার প্রবণতা থাকবে।’

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা ৬ কোটি ২০ লাখ মানুষ যদি আয় কমে যায়, কাজ হারায়, অথবা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়, তাহলে তারা দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে।

বিজ্ঞাপন