শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

পঞ্চগড়ে চা নার্সারির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

পঞ্চগড়ে চা নার্সারির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। কৃষিশ্রমিক, বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এবং শিক্ষার্থীরা চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায় অংশগ্রহণ করছেন।

চায়ের চারার বাড়তি চাহিদা মানুষের আয় বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করছে। নার্সারিগুলো স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা যোগ করছে। বর্তমানে কাঁচা চায়ের পাতার কেজি ১২ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হওয়ায় পঞ্চগড়ে নতুন বাগান তৈরির আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

সাতমেরা ইউনিয়নের লইপাড়া, বিরাজোত, পাতিপাড়া ও বন্দিপাড়া সহ আশপাশের এলাকায় পাঁচ শতাধিক চা নার্সারি গড়ে উঠেছে। চা গাছের প্রতিটি চারা উৎপাদন ও পরিচর্যায় খরচ হচ্ছে ৩ থেকে ৫ টাকা এবং বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।

নার্সারিগুলোতে কৃষিশ্রমিকদের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকরা বাণিজ্যিক নার্সারি স্থাপনের দিকে ঝুঁকছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অবসর সময়ে কাজ করে ভালো আয় করছেন।

পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, ‘চায়ের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার পর থেকে এলাকায় নতুন নতুন চা বাগান বাড়ার পাশাপাশি নতুন উদ্যোক্তারা নার্সারি তৈরিতে আসছেন।’

স্থানীয়দের মতে, দেশের তৃতীয় এই চা অঞ্চলের নার্সারিগুলো চা চাষের সম্প্রসারণ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন