মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিমি যানজট সৃষ্টি

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধে সৃষ্টি হয়েছে ১০ কিলোমিটার যানজট।

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিমি যানজট সৃষ্টি

গাজীপুরে আবারও সড়কে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মহানগরীর চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এই বিক্ষোভের ফলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি করে। সকাল ৯টার দিকে শ্রমিকরা প্রথমে চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন। পরে তারা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

একই সময়ে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেরও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জয়দেবপুর ও নাওজোর এলাকায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ কার্যকরী পদক্ষেপ নেয়।

সকাল সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দূরপাল্লার যাত্রী ও কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েন।

পুলিশের ছোঁড়া সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হন কালবেলার সাংবাদিক মামুন হোসাইন। তাকে গাজীপুর সদর সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গাজীপুর মহানগরী পুলিশ জানায়, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন এবং তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন