বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকালে ভোগড়া ও চৌরাস্তা এলাকায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করেন, যার ফলে যানচলাচল বিঘ্নিত হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আন্দোলনের সময় শ্রমিকেরা ভোগড়া, চৌরাস্তা, এবং তিনসড়ক এলাকার কারখানা ছুটি দেওয়ার পর মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ নাওজোড়, ইটাহাটাসহ বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা করেছে।
জয়দেবপুর বাস স্ট্যান্ড এলাকায়ও শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, "বেশ কয়েকটি কারখানা ছুটি দেওয়া হয়েছে। কিছু জায়গায় শ্রমিকেরা মহাসড়কে নেমেছে। তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে।"