রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: শামা ওবায়েদ

মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের উদ্যোগের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তিনি জানান, এদের বিরুদ্ধে শুধু দেশেই নয়, পাচার হওয়া দেশগুলোতে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার (৭ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। সেখানে তিনি বলেন, 'মানবপাচারকারীরা সমাজের শত্রু। তাদের প্রতিহত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।'

শামা ওবায়েদ আরও বলেন, পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও পুলিশের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তিনি সতর্ক করে জানান, 'অবৈধ পথে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে।'

তিনি বলেন, তিতাস শেখের মতো আর কাউকে যেন প্রাণ দিতে না হয়, সে জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি গ্রাম পর্যায়েও সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন এবং স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন