বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছরে দেশের জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি ঘটেছে।
তিনি জানান, বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের অনেকেই দলীয় নেত্রীর সঙ্গে পালিয়ে গেছেন এবং বিদেশে বসে পাচার করা অর্থ ভোগ করছেন।
শামা ওবায়েদ মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। তিনি বলেন, দেশের জনগণ বর্তমানে জ্বালানি সংকটে ভুগছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সংকটের অনেকটাই আওয়ামী লীগ সরকারের সময়ে সৃষ্টি হয়েছে এবং গত দেড় বছর দায়িত্বে থাকা সরকারও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
শামা ওবায়েদ বলেন, "বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখন হুমকির মুখে পড়ে, তখন বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপির নেতাকর্মীরা দেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন।"