চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে বাদ পড়লেন চিত্রনায়িকা পরী মণি। আগামী ২৮ নভেম্বর খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে পরী মণি নিজের ফেসবুক পেজে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম’। তবে, পোস্টার প্রকাশের পরই গণমাধ্যমকর্মীরা আপত্তি জানাতে শুরু করেন। জাতীয় একটি দৈনিকের প্রতিবেদক সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজকদের উদ্দেশে লেখেন, ‘আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’
এই মন্তব্যের পর চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরী মণিকে অনুষ্ঠানে না রাখার দাবি জোরালো হতে থাকে। শেষ পর্যন্ত আয়োজকরা সাংবাদিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে পরী মণিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটি বিষয়টি নিশ্চিত করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরী মণির সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার চুক্তি হয়েছিল ১৭ দিন আগে। তবে গণমাধ্যমকর্মীদের অসম্মান করার অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। নতুন প্রচার পোস্টার ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে পরী মণি ছাড়া।
এদিকে, এ সিদ্ধান্তের বিষয়ে পরী মণির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।