ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ) তীব্র নিন্দা জানিয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনটি এক বিবৃতিতে জানায়, আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত পাঁচ সাংবাদিক আহত ও লাঞ্ছিত হয়েছেন। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন সমকালের রবিউল হোসেন রাজু, টাইমস টুডের শাহ রিয়াজ, আগামীর সময়ের শিমাম হোসেন, জাগো নিউজের আশিকুজ্জামান এবং আব্দুল্লাহ আল কাউছার।
ডিআরএফের অভিযোগ, পরী মণি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালান। এ সময় কিছু সাংবাদিকের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। আহত সাংবাদিকরা চিকিৎসা নিয়েছেন বলে জানানো হয়েছে।
সংগঠনটি আরও জানায়, একজন অভিনয়শিল্পী হিসেবে আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। নিরাপত্তাকর্মীদের মাধ্যমে হেনস্তার ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। পরী মণি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগের যথাযথ তদন্ত এবং দায়ীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
এছাড়া, আহত সাংবাদিক ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছে ডিআরএফ।
জানা গেছে, এদিন সকাল সাড়ে ৯টার দিকে ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে আদালত চত্বরে হাজির হন পরী মণি। বেলা ১১টা ৪১ মিনিটে তিনি এজলাসে প্রবেশ করেন এবং জামিন আবেদনের শুনানি শুরু হয়। আদালত পরী মণির জামিন মঞ্জুর করে।
শুনানি চলাকালীন পরী মণির নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, তারা সাংবাদিকদের এজলাসে প্রবেশে বাধা দেন এবং দুর্ব্যবহার করেন। আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।