বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পরী মণির আদালত চত্বরে সাংবাদিকদের প্রতি অসৌজন্যমূলক আচরণ

পরী মণি আদালতে সাংবাদিকদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করেছেন।

পরী মণির আদালত চত্বরে সাংবাদিকদের প্রতি অসৌজন্যমূলক আচরণ

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরী মণি আদালতে জামিন পাওয়ার পর সাংবাদিকদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা আদালতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরী মণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তবে জামিন শুনানি শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় তিনি এক ব্যক্তির বিরুদ্ধে ‘ব্যাড টাচের’ অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, এ সময় পরী মণি এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরীর সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সাংবাদিকদের ওপর চড়াও হন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১০ জন নিরাপত্তাকর্মী নিয়ে আদালত চত্বরে হাজির হন পরী মণি। বেলা ১১টা ৪১ মিনিটে তিনি এজলাসে প্রবেশ করেন এবং জামিন আবেদনের শুনানি শুরু হয়।

শুনানিতে পরী মণির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী অংশ নেন। আদালত ৫০০ টাকা মুচলেকায় পরী মণির জামিন মঞ্জুর করেন।

এদিকে, আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরী মণি অভিযোগ করেন, ভিড়ের মধ্যে কেউ তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন।

অন্যদিকে, বুধবার (৪ নভেম্বর) আদালত পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ দিন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে হাজির হননি তিনি।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল অভিযোগ করেন, পরী মণি ইচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থেকে বিচারিক কার্যক্রম বিলম্বিত করছেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সময়ের আবেদন নামঞ্জুর করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন