ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি আদালতে জামিন নিতে এসে সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। উপস্থিত একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন এবং গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ঘটনাটি দেখা যায়।
আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় পরীমনি এক সাংবাদিকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান। তিনি সাংবাদিককে বলেন, 'এই দিকে আয়। তুই আমার গায়ে কেন হাত দিছোস?' সাংবাদিক তখন জানান, 'গায়ে হাত দেইনি। আপনি আমার ট্রাইপড ভেঙে ফেলেছেন।'
এ ঘটনার পর পরীমনি নানা অশ্রাব্য শব্দ উচ্চারণ করতে থাকেন। সাংবাদিক 'আপা' সম্বোধন করে তার মোবাইল কেন টান দেওয়া হয়েছে জানতে চাইলেও পরীমনি 'তুই কেন গায়ে হাত দিসোছ' বলতে থাকেন। এ সময় তার দেহরক্ষীরাও সাংবাদিককে নানা বাক্যবাণে জর্জরিত করেন।
একপর্যায়ে পরীমনিকে শান্ত করতে গাড়িতে তোলা হয়। এর আগে, তার দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও ওঠে।
বিষয়টি নিয়ে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, তিনি ঘটনাগুলো দেখেননি। তবে এমন কিছু ঘটে থাকলে তা অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন ঘটনা ঘটতো না।
পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।