ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্যগ্রহণের দিন হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করা হয়েছে। এদিন মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। শুনানিতে বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন।
পরীমনির আইনজীবী সময়ের আবেদন জানান, যার মধ্যে তিনি উল্লেখ করেন যে, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করেন।
আদালত পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত। ওইদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।