রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে ২ সদস্যের মৃত্যু

গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে দুই সদস্যের মৃত্যু হয়েছে, আহতদের চিকিৎসা চলছে।

গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে ২ সদস্যের মৃত্যু

রাজধানীতে অনুষ্ঠিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে ২ জন গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মৃত্যুবরণকারী সদস্যরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

শুক্রবার দুপুরে সমাবেশস্থলে আসার সময় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সেখানে তাদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া, গরমে অসুস্থ আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন এবং জানান যে, অসুস্থ ও আহত সদস্যদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে।

নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান এবং পরিবারের একজন সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন। সরকারের খরচে নিহতদের মরদেহ বাড়িতে পৌঁছানো এবং সম্মানজনক দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

বিজ্ঞাপন