জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ আজ সিলেটে অনুষ্ঠিত হবে। হবিগঞ্জে বাধার মুখে পড়ার পর এই কর্মসূচি সিলেটে আসছে। আজ সিলেটের দুই উপজেলা এবং আগামীকাল শুক্রবার আরও তিন উপজেলায় পদযাত্রা করার পরিকল্পনা রয়েছে দলটির।
এ উপলক্ষে এনসিপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারের ঘটনার প্রেক্ষিতে সিলেটের পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
৩০ জুলাই পদযাত্রাটি সিলেটে আসার কথা ছিল, তবে ২৮ জুলাই হবিগঞ্জে হামলার এবং ২৯ জুলাই মৌলভীবাজারে বাধার ঘটনায় প্রশাসনের তৎপরতা বেড়ে গেছে। এনসিপির সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানিয়েছেন, বৃহস্পতিবার পদযাত্রার অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন নেতারা।
এরপর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা অংশ নেবেন।
এর আগে, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, হামলাটি ছাত্রদল চালিয়েছে। এর প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি।
সমাবেশে অংশ নিতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আতিক মুজাহিদ এমপিসহ কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন, তবে শ্রীমঙ্গলে তাদের আটকে দেয় পুলিশ।