রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে গণহত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। গতকাল বুধবার বিকেলে গুলশানে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, লতিফ সিদ্দিকীসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন এবং জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে গ্রেপ্তার হয়েছিলেন।
মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী পাঁচবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯ সালে মন্ত্রী করা হয়। তবে ২০১৪ সালে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয় এবং পরে বহিষ্কৃত হন। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।