রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার গুলশানে

বিএনপি শনিবার গুলশানে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার গুলশানে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে বৈঠক সম্পর্কে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের অবস্থান নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এদিকে, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এই সাক্ষাতের পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠককে ঘিরেও রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনো বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি।

বিজ্ঞাপন